অক্টোবর ৬, ২০২৬, ০৬:০৭ পিএম
দীর্ঘ জটিলতা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড অনুযায়ী বেতন পাওয়ার পথ সুগম হলো। প্রায় ১০ মাস আগে পদটি দশম গ্রেডে উন্নীত করা হলেও এতদিন সে অনুযায়ী বেতন পাচ্ছিলেন না শিক্ষকরা। অবশেষে দশম গ্রেড পদ্ধতি অনুসরণ করার অফিসিয়াল আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে, গত ডিসেম্বর থেকে হিসাব ধরে দশম গ্রেড অনুযায়ী যে পাওনা বকেয়া রয়েছে, তা নিয়েও আদেশে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বকেয়া প্রসঙ্গে আদেশে স্পষ্ট করা হয়েছে যে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ বা জিও জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না। উল্লেখ্য, আদালতের রায়ের পর গত বছরের ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এই বেতন স্কেল অনুযায়ী, দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত নির্ধারিত হবে।

এর আগের বেতন কাঠামো অনুযায়ী, দশম গ্রেডে শুরুর মূল বেতন ছিল ১৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ছিল ৩৮ হাজার ষাট টাকা। তারও আগে দশম গ্রেডে উন্নীত হওয়ার পূর্বে প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ছিল মূলত ১১ ও ১২তম। পূর্ববর্তী পে স্কেল অনুযায়ী ওই দুটি গ্রেডে মূল বেতন যথাক্রমে ১২ হাজার ৫০০ টাকা ও ১১ হাজার ৩০০ টাকা দিয়ে শুরু হতো। অর্থ বিভাগের এই আদেশের ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ ও জটিলতা কেটে যাবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন