রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা ও নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০২:৫২ পিএম

প্রাথমিকে শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা ও নতুন নির্দেশনা

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কঠোর সতর্কবার্তা দিয়েছে সরকার। একইসঙ্গে নেতিবাচক পোস্ট প্রদানকারী শিক্ষকদের শনাক্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা শেয়ার করছেন।

মন্ত্রণালয় মনে করছে, শিক্ষকদের এই ধরনের কর্মকাণ্ডের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য।

নির্দেশনায় আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নীতিমালা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটি ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে গণ্য হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে।

 

এসব শিক্ষকদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।সরকারের এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযুক্তদের তালিকায় কারা রয়েছেন, তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।