অক্টোবর ৬, ২০২৬, ০৬:০৫ পিএম
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের নিকটবর্তী টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত দুই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন। আহত ব্যক্তিরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। পরবর্তীতে নিজস্ব তহবিলের আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা ব্যাগে নিয়ে দুই কর্মকর্তা একটি মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী সামনে ও পেছন থেকে তাদের পথরোধ করে।
মুহূর্তের মধ্যে চার ছিনতাইকারী লোহার রড দিয়ে দুই কর্মকর্তার ওপর চড়াও হয়। তারা মোটরসাইকেলে থাকা দুই ব্যাংক কর্মকর্তাকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। এরপর তাদের সাথে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
হামলা ও ছিনতাইয়ের ঘটনার বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন