মো. রেজাউল ইসলাম রিজু
অক্টোবর ৫, ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পয়োনিষ্কাশন ড্রেনে ব্লিচিং পাউডার ছিটানো হয়। সোমবার (৫ অক্টোবর) আসরের নামাজের পর পৌর শহরের প্রাণকেন্দ্রে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর শহরের বিভিন্ন ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে দলীয় নেতৃবৃন্দ সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু বিস্তার রোধে করণীয় বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উদাত্ত আহ্বান জানান। সচেতনতামূলক এই কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন যে ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো পাত্র বা গর্তে যেন বৃষ্টির কিংবা ব্যবহারের পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখার পাশাপাশি জমা পানি নিয়মিত অপসারণ করার তাগিদ দেওয়া হয়।
একই সাথে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জ্বর দেখা দিলে কোনো ধরনের অবহেলা না করে অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়। জনসচেতনতামূলক কর্মসূচি চলাকালে প্রদর্শন করা বিভিন্ন ব্যানারে ‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন’, ‘নিরাপদ থাকুন, সুস্থ থাকুন’ এবং ‘আসুন, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই’ শীর্ষক স্লোগান তুলে ধরা হয়। পরবর্তীতে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার মজলিসে শুরা সদস্য, বীরগঞ্জ উপজেলা শাখার আমির এবং ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারি আজিজুর রহমান।
তিনি বলেন, ডেঙ্গু কেবল একটি পরিবারের একক সমস্যা নয়, এটি সামগ্রিক জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সংবেদনশীল বিষয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডিস মশা যেন কোনোভাবেই বংশবিস্তার করতে না পারে, সেজন্য বসতবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট ও আশপাশের উন্মুক্ত পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে। তিনি আরও যোগ করেন যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নিছক চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, বরং আগে থেকেই প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই সংকট মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, মশাবাহিত এই রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আশপাশে যাতে পানি জমে না থাকে, সে ব্যাপারে সবাইকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে। এর পাশাপাশি রাস্তার ড্রেন ও নোংরা স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড আমির ক্বারি নাজিবুর রহমান নাজিব, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সহসভাপতি ও সাবেক সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম রেজা, যুব বিভাগের উপজেলা সভাপতি মো. গোলাম নুর, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সেলিম ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম, এরশাদ ইসলাম ও শাহিন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।