মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে দুর্গাপূজার ১৬৬ মণ্ডপে চলছে প্রস্তুতি

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ৬, ২০২৬, ০৩:৩৭ পিএম

বীরগঞ্জে দুর্গাপূজার ১৬৬ মণ্ডপে চলছে প্রস্তুতি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। চলতি বছর উপজেলার একটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ১৬৬টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। অধিকাংশ মন্দির ও মণ্ডপে প্রতিমা তৈরি, কাঠামো নির্মাণ এবং আধুনিক আলোকসজ্জার কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রতিমা শিল্পীদের রংতুলির নিপুণ আঁচড় শেষ করে প্রতিমা মণ্ডপে তোলার অপেক্ষায় দিন কাটাচ্ছেন আয়োজকরা।

উপজেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ১০ অক্টোবর শনিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যে আবাহন ও পূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা শুরু হয়। পুরোহিতদের মতে, দেবী দুর্গা এবার মর্ত্যলোকে আসছেন গজে চড়ে এবং কৈলাশে ফিরে যাবেন নৌকায়, যা শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী সবার জন্য সামগ্রিক কল্যাণ ও শুভবার্তা বয়ে আনবে। ঘোষিত পূজা সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটবে।

পরবর্তী দিনগুলোতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের। বীরগঞ্জ কলেজ পাড়া মন্দিরের পুরোহিত সুনিল চক্রবর্তী জানান, উৎসবকে কেন্দ্র করে তাদের মন্দিরের যাবতীয় ধর্মীয় ও ব্যবহারিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হচ্ছে। বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্ম্মা জানান, একটি পৌরসভা ও উপজেলার ইউনিয়নগুলোতে মোট ১৬৬টি পূজামণ্ডপে ভক্তদের সুবিধার্থে সার্বিক তদারকি চালানো হচ্ছে। তিনি জানান, উপজেলার বড় বাজেটের মণ্ডপগুলোর মধ্যে রয়েছে ১১ নম্বর মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী বকবাজার সংলগ্ন মণ্ডপ, ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার, ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের রঘুনাথপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। 

এসব প্রধান কেন্দ্রসহ প্রত্যন্ত এলাকার প্রতিটি মণ্ডপেই এখন শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে। শারদীয় দুর্গোৎসব ঘিরে এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা উদযাপন কমিটির সমন্বয়ে সার্বক্ষণিক টহল ও সতর্ক নজরদারি পরিচালনা করছে পুলিশ।