অক্টোবর ৬, ২০২৬, ০৫:৫৯ পিএম
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়া নারীসহ ছয়জনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন একটি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা সুনামগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা। আটককৃতরা হলেন সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (২৮), একই জেলার সুমন (২০), সজিব মিয়া (১৯) এবং সিলেটের মফিজ আলী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সীমান্ত পেরিয়ে পঞ্চগড় শহরে প্রবেশ করে ওই ছয়জন বাস কাউন্টারে অবস্থান নেন। সেখানে তারা সুনামগঞ্জ ও সিলেটে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে যান। এ সময় কাউন্টারের কর্মীদের কাছে তারা জানান যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিষয়টি জানতে পেরে কাউন্টার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের নিজেদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের দাবি, তারা গত পাঁচ বছর ধরে ভারতের জম্মু ও কাশ্মীরে দিনমজুরি ও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। গত ০৪ এপ্রিল স্থানীয় ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সাজা ভোগ বা আটকাদেশের পর সোমবার বিকেলে কাশ্মীর থেকে তাদেরসহ প্রায় ১৫০ জনকে বিমানে করে ভারতের বাগডোগরা বিমানবন্দরে আনা হয়। পরবর্তীতে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার গভীর রাতে পঞ্চগড়ের সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে তারা জানান। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। তবে পঞ্চগড় শহর থেকে পুশইন হওয়া ছয়জনকে আটকের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন বলে উল্লেখ করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশীষ কুমার শীল জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা বাস কাউন্টার থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের পারিবারিক ও স্থায়ী পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন