অক্টোবর ১২, ২০২৬, ০৫:০১ পিএম
দিনাজপুরের বিরলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রমটির আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপদেষ্টা ও বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম।
একযোগে দেশের ৭৯১টি স্থানে এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কার্যক্রমের দেশব্যাপী গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা, ৮ নম্বর ধর্মপুর এবং ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। সেখানে ৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী মাঠে দায়িত্ব পালন করছেন।
সারাদেশে মোট চার কোটি ১১ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর তা অ্যাপসে অন্তর্ভুক্ত করে স্বয়ংক্রিয় স্কোরিং করা হবে। এই প্রক্রিয়ায় কারও কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য পরবর্তীতে গণশুনানির আয়োজন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সুবিধাভোগী নির্ধারণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন