সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
সাংস্কৃতিক কূটনীতি

সাংস্কৃতিক কূটনীতি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে: শামা ওবায়েদ

জাতীয় ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ০৫:৫৯ পিএম

সাংস্কৃতিক কূটনীতি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সুদৃঢ় করতে বর্তমান সরকার সফট পাওয়ারের কৌশল হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘কাজী নজরুল ইসলাম : দ্য ইউনিভার্সাল ভয়েস অব ফ্রিডম অ্যান্ড হিউম্যানিটি’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করে। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।

বিশ্বের এখন সংস্কৃতির শক্তির প্রয়োজন।

শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক দ্বন্দ্ব-সংঘাত, তীব্র ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বহুপক্ষীয় কাঠামোর ওপর বাড়তে থাকা চাপের মধ্যে নিজস্ব ঐতিহ্য, মূল্যবোধ ও আত্মপরিচয় মেলে ধরার ক্ষেত্রে সংস্কৃতি আজ প্রধান কৌশলগত মাধ্যম। তিনি উল্লেখ করেন, বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে কূটনীতি আর শুধু আনুষ্ঠানিক সংলাপ বা প্রথাগত রীতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।

তিনি জানান, সৃষ্টিশীল মেলবন্ধন ও যৌথ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গভীর আস্থা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চায়। এর মাধ্যমে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি সর্বজনীন মানবিক মূল্যবোধ জোরদারে তিনি একটি অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মানবিক সংহতি ও সাম্যের প্রতীক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও সঙ্গীতের দর্শন প্রমাণ করে যে সাংস্কৃতিক চেতনা ভৌগোলিক সীমানা ভেঙে জাতিগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নিতে পারে। নজরুলের অসাম্প্রদায়িক দর্শন, পরমতসহিষ্ণুতা এবং বহুত্বের প্রতি শ্রদ্ধা আবহমান বাঙালি পরিচয় গঠনে অনন্য ভূমিকা রেখেছে। এই মূল্যবোধগুলো জাতীয় ঐতিহ্য ও সংবিধানেও সমানভাবে প্রোথিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে নজরুল-দর্শনের প্রাতিষ্ঠানিক বিস্তার বাংলাদেশকে শান্তিকামী, বৈচিত্র্যময় এবং বুদ্ধিবৃত্তিকভাবে আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে সরাসরি সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং কবি আবদুল হাই শিকদার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।