বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী সীমান্ত অভিযান

দিনাজপুর বিজিবির অভিযানে ইয়াবাসহ ট্রাক জব্দ

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৮, ২০২৬, ০২:১৬ পিএম

দিনাজপুর বিজিবির অভিযানে ইয়াবাসহ ট্রাক জব্দ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ছয় হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ মো. সবুজ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত সবুজের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।

বুধবার সকাল আনুমানিক আটটার দিকে ঠাকুরগাঁও সদর থানার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় বিজিবির টহল দল এই তল্লাশি অভিযান চালায়।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর মেলে যে সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক নিয়ে রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদরের দিকে যাওয়া হচ্ছে। প্রাপ্ত খবরের পর দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ দিহানগর বিওপির একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে।

সন্দেহভাজন ট্রাকটি চিহ্নিত করে থামার সংকেত দেওয়া হলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

বিজিবির সদস্যরা তখন ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটকে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে সাড়ে ছয় হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। চালক মো. সবুজকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয় বাহিনীটি। তিনি রাণীশংকৈলের মো. সহিবর রহমানের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ লাখ ৭৭ হাজার টাকা। অভিযানে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত মালামালসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালান তরুণ সমাজের ভবিষ্যৎ ও সামাজিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, মাদকের বিস্তার ঠেকাতে ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। আন্তঃসীমান্ত সব ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।