অক্টোবর ২৮, ২০২৬, ০২:১০ পিএম
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘হাত ধোয়ার নায়ক হোন’।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপস্থিত সবার সামনে স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার বিভিন্ন কৌশল সরাসরি প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর পরপরই সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি দৈনন্দিন জীবনে রোগবালাই থেকে বাঁচতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন।
আলোচনা সভায় অন্যান্য প্রশাসনিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।
এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন