শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরে ল্যাপটপ বিতরণ ও প্রশিক্ষণ

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১০, ২০২৬, ০৪:০০ পিএম

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরে ল্যাপটপ বিতরণ ও প্রশিক্ষণ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ এবং ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১০ অক্টোবর সকাল ৯টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। "ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সৈয়দ জাহাঙ্গীর আলম একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শহর সমাজসেবা কার্যালয় দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর সদর যৌথভাবে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, উপাত্ত সংরক্ষণ এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজ দ্রুত ও নির্ভুল করতে কর্মীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানিয়েছেন, ১০ ও ১১ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে নির্ধারিত সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।