অক্টোবর ১০, ২০২৬, ০২:৩৩ পিএম
দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপি সড়ক শোভাযাত্রার মধ্য দিয়ে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে আটটায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।
শোভাযাত্রাটি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড় ও সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহরের বড় ময়দানের সামনে গিয়ে শেষ হয়। পথজুড়ে জনসাধারণের মাঝে স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজনে নেতৃত্ব দেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহসভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির।
সচেতনতা বাড়াতে চিকিৎসকদের পরামর্শ গুরুত্ব পেয়েছে এই পদযাত্রায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার ও শওকত উল্লাহ মজিদ বাদশা।
অন্যান্যদের মধ্যে অংশ নেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট এবং জনসংযোগ ও অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির জানান, সাধারণ মানুষের মধ্যে রোগের লক্ষণ সম্পর্কে জানানো এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রাথমিক লক্ষণ প্রকাশ পেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত পরীক্ষার আওতায় এলে রোগটি দ্রুত ধরা পড়ে, যা রোগীর জীবন রক্ষার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন