অক্টোবর ১০, ২০২৬, ০৫:১৬ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে ভারতীয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। একই কর্মসূচি থেকে স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব ও বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকেও পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
শনিবার দিল্লি হাট থেকে যন্তর মন্তরের অভিমুখে একটি মিছিল নিয়ে যাওয়ার পথে তাদের পথরোধ করে আটক করা হয়।
আটক হওয়া বিক্ষোভকারী ও শীর্ষ নেতাদের একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে আটককৃতদের বহনকারী বাসটি সফদরজং ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছামাত্র সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে বাসের পথ আটকে দেয় এবং যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের গতিপথ বদলানোর বিষয়ে নেহা বোরা আগেই একটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন।
কর্মসূচি দিল্লি হাটে স্থানান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে। মূলত এই আহ্বানের পরই শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে শুরু করেন এবং মিছিলে বাধা তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একই দিনে দিল্লির রাজনৈতিক অঙ্গনে আরও একটি আটকের ঘটনা ঘটেছে।
দিল্লিতে অবস্থিত নিজের সরকারি বাসভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থান কর্মসূচি চলাকালেই সেখান থেকে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন