অক্টোবর ১০, ২০২৬, ০৪:১৫ পিএম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।
৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। ওই সময় দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ দানাজপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উত্তর রণসিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে ৩৪০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
এর কয়েক ঘণ্টা পর, ১০ অক্টোবর রাত ১টার দিকে দ্বিতীয় অভিযান চালায় বিজিবির রামচন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী বৈরাগীপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব মাদকের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানস্থল থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন