শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,
নোবেল আক্ষেপ

শিরোনাম আট যুদ্ধ থামিয়ে ও জিম্মি মুক্ত করেও নোবেল না পাওয়ার আক্ষেপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম

শিরোনাম আট যুদ্ধ থামিয়ে ও জিম্মি মুক্ত করেও নোবেল না পাওয়ার আক্ষেপ ট্রাম্পের

আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করেছেন বলে দাবি করে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এত কিছুর পরও তাকে বা যুক্তরাষ্ট্রকে এই সম্মাননা দেওয়া হয়নি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। চলতি বছরে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে নিজের কূটনৈতিক সাফল্যের একটি দীর্ঘ তালিকাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে ট্রাম্প লেখেন, তিনি আটটি যুদ্ধ মীমাংসা করেছেন এবং আরও দুটি সংঘাতের অবসান ঘটানোর খুব কাছাকাছি রয়েছেন। ইসরায়েলের সব জিম্মিকে ফিরিয়ে আনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করার দাবিও জানান তিনি। এ ছাড়া ভেনেজুয়েলায় সংঘাতে জয়ী হয়ে দেশটির স্বৈরশাসককে আটক করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামানোর দাবিও করেন ট্রাম্প।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দাবি করা সংঘাতগুলোর সব কটির অবসানে তার ভূমিকা কতটা ছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এমনকি কয়েকটি সংঘাতের উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি।

এর আগে শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও শান্তির প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। এরপরই ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন, এই সেই নারী যিনি যুক্তরাষ্ট্রের পরিবর্তে পুরস্কার পেয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রতি বিদ্বেষ থাকার কারণেই কেবল ওই নারী পরিচিত এবং ভারত-পাকিস্তানসহ আটটি সংঘাতের মীমাংসায় তার নিজের ভূমিকা নোবেল পাওয়ার জন্য যথেষ্ট ছিল।