মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

কিশোর রাকিব হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য: মরদেহ উদ্ধার করল পুলিশ

শহিদুল ইসলাম

অক্টোবর ৬, ২০২৬, ০৯:৪১ পিএম

কিশোর রাকিব হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য: মরদেহ উদ্ধার করল পুলিশ

ছবি: দিনাজপুর টিভি

রাজধানী ঢাকায় ১৭ বছর বয়সী কিশোর রাকিব ইসলামকে হত্যার পর নীলফামারীর ডিমলায় নিজ বাড়ির পাশে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বিশেষ তদন্তকারী দল ডিমলা থানা পুলিশের সহায়তায় উপজেলার বালাপাড়া গ্রাম থেকে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের দেখানো তথ্যের ভিত্তিতেই এই গলিত দেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিব টাঙ্গাইল জেলার গোপালপুর থানার উদ্দামপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা খাদেমুল ইসলামের ছেলে। গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় একটি বিরোধের জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার দুই দিন পর অত্যন্ত গোপনীয়তার সাথে মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামে নিয়ে নিজ বাড়ির সীমানায় মাটিচাপা দেন ১৮ বছর বয়সী অভিযুক্ত মামুন।

ঘটনা ভিন্নখাতে ঘোরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির আশ্রয় নেয় অভিযুক্ত। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহত রাকিব জীবিত আছে এমন দাবি প্রতিষ্ঠিত করতে এআই প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বা ডিপফেক ভিডিও তৈরি করে অভিযুক্ত তরুণ। পরবর্তীতে সেই ভুয়া ভিডিও রাকিবের পরিবারের কাছে পাঠিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের অভিযোগের পর অনুসন্ধানে নেমে ঢাকার বিশেষ তদন্তকারী দল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত মামুনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো স্থান অনুযায়ী ডিমলার বালাপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় রাকিবের গলিত মরদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছে দিনাজপুর টিভি ডট কম। ডিমলা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আটক মামুনের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।