সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

৪৯তম বিসিএসে গেজেটভুক্ত নীলফামারীর প্রথম সোহেল রানা

শহিদুল ইসলাম

অক্টোবর ৫, ২০২৬, ১০:০১ পিএম

৪৯তম বিসিএসে গেজেটভুক্ত নীলফামারীর প্রথম সোহেল রানা

ছবি: দিনাজপুর টিভি

সকল অনিশ্চয়তা কাটিয়ে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অবশেষে গেজেটভুক্ত হয়েছেন নীলফামারীর তরুণ সোহেল রানা। শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে সারাদেশের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেও প্রথম দফার চূড়ান্ত নিয়োগের গেজেটে তার নাম বাদ পড়েছিল। এতে তার ভবিষ্যৎ নিয়ে পরিবারে গভীর শঙ্কা তৈরি হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বিতীয় দফার সম্পূরক গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান। তার বাবা আবু হোসেন পেশায় একজন সাধারণ কৃষক এবং মা সাহিদা বেগম গৃহিণী। চরম অর্থনৈতিক টানাপোড়েন ও অভাব-অনটনের মাঝেও পড়াশোনার অদম্য ইচ্ছা ধরে রেখেছিলেন তিনি। প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

এরপর ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি শিক্ষা ক্যাডারে দেশসেরা ফলাফল অর্জন করেন। প্রথম দফার গেজেটে নাম না আসায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মন্ত্রণালয়ের সম্পূরক গেজেট প্রকাশের পর সেই শঙ্কা কেটে গেছে। দীর্ঘ অপেক্ষার অবসানে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে এখন স্বস্তি ফিরেছে।