মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
দুর্যোগ প্রশমন দিবস

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি

শহিদুল ইসলাম

অক্টোবর ১৩, ২০২৬, ০৩:২৮ পিএম

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: দিনাজপুর টিভি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।

কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।

গৃহস্থালি পরিবেশ বা আকস্মিক অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সাধারণ বালতি, খালি হাত ও ভেজা বস্তা সঠিকভাবে ব্যবহার করে কীভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তা উপস্থিত সবার সামনে হাতে-কলমে তুলে ধরা হয়। মহড়ায় সরাসরি অংশগ্রহণ করেন স্কাউট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।

মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সার্বক্ষণিক প্রস্তুতির ওপর জোর দেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ শতভাগ রোধ করা সম্ভব না হলেও সঠিক পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের জেলা প্রধান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আখতারুজ্জামান জুয়েল, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।