মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু আহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৩৩ পিএম

পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু আহত ৩

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার নতুন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। এ ঘটনায় আহত হয়েছেন বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ওই নির্মাণাধীন ভবনে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ সাটারিংয়ের কাঠামো ভেঙে পড়লে কর্মরত পাঁচজন শ্রমিক সরাসরি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ঘটনার পরপরই পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্থানীয় বাসিন্দারা বাকি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আছাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন-২০২০-এর কোনো কর্মকর্তা বা প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, খবর পেয়ে তাদের দল দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের সহায়তায় আহত বাকি তিনজনকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি ভবন ধসে হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।