নভেম্বর ৪, ২০২৬, ০৮:০৩ পিএম
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, পবিত্র ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে। এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের এই সরকারি ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং ঈদের পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোট পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদুল আজহার ক্ষেত্রে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং ঈদের পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে কুরবানির ঈদে মোট ছুটির মেয়াদ দাঁড়াবে ছয় দিনে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি থাকবে। এর পাশাপাশি মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে দুর্গাপূজাতেও টানা দুই দিনের ছুটি মিলবে।
আগামী ২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সর্বমোট ২৯ দিন সরকারি ছুটি রাখা হয়েছে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি। তবে মোট ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন