বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
বাংলাদেশ-চীন কূটনীতি

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ০৯:০৫ পিএম

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। কোনো রাজনৈতিক দল বর্তমানে সরকারে আছে নাকি বাইরে রয়েছে, সেটিকে দ্বিপক্ষীয় বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং। দলগুলোর সঙ্গে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘যেখানে ইতিহাস পথ দেখায়: চীন-বাংলাদেশের রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব কথা জানান চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান।

অনুষ্ঠানে চীনা মন্ত্রী লিউ হাইসিং বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া হয়েছে। বেইজিং কোনো আদর্শিক বিভাজন তৈরি করে না এবং কোনো দল ক্ষমতায় আছে নাকি ক্ষমতার বাইরে, তার ভিত্তিতে বন্ধুত্ব নির্ধারণ করে না।

গোলটেবিল বৈঠক শেষে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শক্তিশালী অংশীদারত্বের সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিএনপি একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী পররাষ্ট্রনীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বাণিজ্যঘাটতি কমাতে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে উৎপাদন, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, কৃষি ও বস্ত্র খাতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুই দেশের সম্পর্কের যে ভিত্তি তৈরি হয়েছিল, তা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মেয়াদে আরও গতিশীল হয়।

গোলটেবিল আলোচনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।