বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

পরীমনি আদালতে অনুপস্থিত থাকায় জামিন বাতিল

বিনোদন ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ০৮:৫৩ পিএম

পরীমনি আদালতে অনুপস্থিত থাকায় জামিন বাতিল

ছবি: সংগৃহীত

বোট ক্লাবের ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করেছেন আদালত। একই সাথে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) আদালত এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনিসহ অন্য আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। অন্যদিকে পরীমনির আইনজীবী আদালতকে জানান, পরীমনি অ্যালার্জিজনিত তীব্র অসুস্থতায় ভুগছেন এবং সে কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি সময় চেয়ে আবেদন জমা দেন।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরীমনির সময়ের আবেদন নাকচ করে বাদীপক্ষের জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন। এর ফলে পরীমনির জামিন বাতিলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় পরীমনিসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। সেদিনও আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালে পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে মামলার অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে পিবিআই নিশ্চিত করে।

পরবর্তীতে আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ওই বছরের ২৫ জুন তাঁরা ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।