বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
এইচএসসি পরীক্ষা সুযোগ

এইচএসসিতে অকৃতকার্যদের নতুন সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ০৮:৪৫ পিএম

এইচএসসিতে অকৃতকার্যদের নতুন সুযোগ

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাই কেবল এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের উপযোগী শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখান থেকে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের ফরম পূরণ শেষ করতে হবে।

পরীক্ষার যাবতীয় ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর। এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে রশিদ সংগ্রহ করে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রতি পত্র বা বিষয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা। এছাড়া ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রতি পত্র বা বিষয়ে ২৫ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা প্রদান করতে হবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা কেন্দ্র ও বিষয়ভিত্তিক বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।