অক্টোবর ৩১, ২০২৬, ১০:০৪ পিএম
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং মার্চ মাসের ৯ বা ১০ তারিখ নাগাদ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসলামি নিয়ম অনুসারে প্রতিটি ধর্মীয় দিবসের চূড়ান্ত ক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এই তারিখগুলোতে পরিবর্তন আসতে পারে।
কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত সম্ভাব্য ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস গণনা শুরু হতে পারে। পুরো এক মাস সিয়াম সাধনার পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। এর পাশাপাশি ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে।
এই বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত টানা তিন দিন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন অর্থাৎ ১৫ মে পবিত্র আরাফাতের দিন পালনের সম্ভাবনা রয়েছে।
হিজরি বর্ষপঞ্জির অন্যান্য তাৎপর্যপূর্ণ রাতের ক্ষেত্রে জানানো হয়েছে, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হতে পারে। এছাড়া মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য সময় ধরা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হতে পারে ১৪ থেকে ১৫ আগস্ট।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক প্রতিবেদনেও ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ তুলে ধরা হয়েছে। সেখানে পূর্বাভাস দিয়ে বলা হয়, ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজানের রোজা শুরু হতে পারে।
সেই হিসেবে ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে রমজান মাসের নতুন চাঁদ অনুসন্ধানের প্রস্তুতি নেওয়া হবে। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রাতে মুসল্লিরা প্রথম তারাবিহর নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার রোজা শুরু করবেন।
ঈদুল ফিতরের ক্ষেত্রে গালফ নিউজের পূর্বাভাসে ১০ মার্চ বুধবার ঈদ উদযাপনের কথা বলা হয়েছে। অন্যদিকে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে এই তারিখটি ধরা হয়েছে ৯ মার্চ। ফলে রমজান শুরুর সম্ভাব্য দিনে মিল থাকলেও ঈদুল ফিতরের ক্ষেত্রে দুই পূর্বাভাসের মাঝে এক দিনের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চাঁদের দৃশ্যমানতার ওপর নির্ভর করেই নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিক তারিখ চূড়ান্ত করা হবে। পূর্ববর্তী বছর অর্থাৎ ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছিল এবং এক মাসের সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল ঈদুল ফিতর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন