নভেম্বর ১২, ২০২৬, ০৭:৪১ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের পেইড অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নতুন কিছু ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ক্লড মিটিং ফিচার, যা সরাসরি টিম মিটিংয়ে অংশ নিতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিটিং চলাকালেই নোট নেওয়া এবং দলের কাজ করা নথিপত্র আপডেট করার মতো কাজগুলো করাতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই সহকারীকে সহকর্মীর মতোই উপস্থাপন করা হচ্ছে, যা মিটিংয়ে আলোচনা হওয়া বিভিন্ন টাস্কে সরাসরি অংশ নিতে পারবে।
নতুন এই ফিচারের পাশাপাশি অ্যানথ্রপিক হোয়াইটবোর্ডস এবং শিটস নামের আরও দুটি ফিচার বেটা সংস্করণে চালু করেছে। হোয়াইটবোর্ডস ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা অগোছালো কোনো পরিকল্পনা মুখে বলে ক্লডকে বোঝাতে পারবেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাটি সেই পরিকল্পনাকে টাইমলাইন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং তারিখসহ একটি বোর্ডে রূপান্তর করবে। এছাড়া এটি নোটগুলোকে বিভিন্ন থিম ও অ্যাকশন আইটেমে সাজাতে সাহায্য করবে, যাতে দলগতভাবে রিয়েল টাইমে কাজ করা সহজ হয়।
শিটস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রম্পট দিয়ে সহজেই শেয়ারযোগ্য স্প্রেডশিট তৈরি করতে পারবেন এবং ট্র্যাকিং পরিবর্তনসহ সেলের ভেতরে সম্পাদনা করতে পারবেন। এক্সেলের সম্পূর্ণ কার্যকারিতা প্রয়োজন হলে ফাইলগুলো এক্সএলএসএক্স বা সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া এয়ারটেবল, আসানা, মানডে ডট কম এবং স্মর্টশিটের মতো পার্টনার টুলের মাধ্যমেও কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে।
তথ্য ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ক্লড ড্যাশবোর্ডসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডাটা। এই টুলটি আমাজন রেডশিফট এবং ক্লিকহাউসের মতো বড় বাহ্যিক সেবা থেকে কোম্পানির ডেটা কুয়েরি করতে পারে। ক্যাশিং ব্যবস্থার কারণে এটি দ্রুত লোড হয় এবং ট্র্যাক করা পরিবর্তনের সুবিধা দেয়। অ্যানথ্রপিক জানিয়েছে, এর মাধ্যমে কোম্পানিগুলো বিভিন্ন মেট্রিকস স্ট্যান্ডার্ডাইজ করতে পারবে, যাতে সাংঘর্ষিক ডেটা এড়ানো সম্ভব হয়।
টিম প্ল্যানের ক্ষেত্রে নতুন এই ফিচারগুলো ডিফল্টভাবে চালু থাকবে। তবে এন্টারপ্রাইজ প্ল্যানের ক্ষেত্রে হোয়াইটবোর্ডস এবং শিটস ডিফল্টভাবে বন্ধ রাখা হবে এবং অ্যাডমিনরা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ঠিক করে নিতে পারবেন। এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের ওপর ফোকাস করে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে অ্যানথ্রপিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। করপোরেট ও উৎপাদনশীলতা সফটওয়্যার খাতে বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে এই আপডেটগুলো আনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন