জুন ৫, ২০২৬, ০২:৫৩ পিএম
নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে সব সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস সর্বসাধারণের জন্য উন্মুক্ত বা পাবলিক রাখতে হবে।
শুক্রবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সব আবেদনকারীর জন্য এটি বাধ্যতামূলক নয়, শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভিসা শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।নির্দেশনায় বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরির উল্লেখ করা হয়েছে।
এ-৩, সি-৩, জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ এর ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর। এছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদের জন্যও সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এই নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজতর হবে। আগ্রহী আবেদনকারীদের বিস্তারিত তথ্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যসূত্র পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন