আগস্ট ১৪, ২০২৬, ০৫:৩৪ পিএম
সাম্প্রতিক সময়ে দেশের শোবিজের তারকাদের বিভিন্ন ঘটনায় আইনি লড়াই ও আদালতে হাজির হওয়ার প্রবণতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি শাড়িকাণ্ডকে কেন্দ্র করে তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিন পাওয়ার ঘটনার পর এই ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নুসরাত ফারিয়ার মতে, যেকোনো মতপার্থক্য হলেই আদালতের দ্বারস্থ হওয়ার এই মানসিকতা ইন্ডাস্ট্রির জন্য একটি অধঃপতনের লক্ষণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টিকে লজ্জাজনক ও পীড়াদায়ক বলে অভিহিত করেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারিয়া লিখেছেন, তুচ্ছ সব বিষয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা শিল্পের জন্য ক্ষতিকর। তার মতে, এসব ঘটনা ইন্ডাস্ট্রিকে আরও বেশি ভঙ্গুর ও খামখেয়ালি করে তুলছে। তিনি মনে করেন, পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত, জনসমক্ষে বা আইনি লড়াইয়ের মাধ্যমে নয়।
মতপার্থক্য হলেই আদালতে যাওয়াকে অগ্রগতির লক্ষণ মানতে নারাজ এই অভিনেত্রী।এর আগে গত বছরের মে মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নুসরাত ফারিয়া নিজেও একটি মামলার জেরে আইনি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যা তার জন্য একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা ছিল।
তিনি মনে করেন, প্রগতিশীল চিন্তাধারার অভাবই এমন আইনি জটিলতার কারণ।পারস্পরিক পরিপক্বতা ও সমঝোতাই শোবিজের জন্য জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন