সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৩৩ পিএম
রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এই সভার আয়োজন করা হয়। এতে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, বরং পুরো একটি প্রজন্ম শিক্ষিত হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন, নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার অর্থ হলো পুরো দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়া। ছাত্রীদের আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর আখ্যায়িত করে তিনি স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি, পড়াশোনা থেকে ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। দূরত্বের প্রতিকূলতা, আর্থিক সংকট কিংবা যাতায়াতের সমস্যা কোনোভাবেই মেয়েদের শিক্ষার পথে বাধা হতে দেওয়া হবে না। মেয়েদের শিক্ষার সুযোগ যত সম্প্রসারিত হবে, দেশের সার্বিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন তিনি।
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষা খাতে বর্তমান সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক ঘটনা তাদের সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেন তিনি। মতবিনিময় শেষে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে নতুন আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
দূরদূরান্তের পথ পেরিয়ে যেসব ছাত্রী নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকা তৈরি করে সরকারিভাবে বাইসাইকেল দেওয়ার বিশেষ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন