শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১২:৫৭ পিএম

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন তিনি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করেন, যাদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আগুনে তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এই ঘটনায় আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।

নুসরাত তাবাসসুম জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এর পর রাত বারোটা পনেরো মিনিটের দিকে তার বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরণ দেখে তার ধারণা, এটি পেট্রোল বোমা হামলা এবং পুরো ঘটনাটি একটি সুপরিকল্পিত হামলা।

এদিকে ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় বিজিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।