বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশে গরুর মাংস খেয়ে তোপের মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:১৬ এএম

বাংলাদেশে গরুর মাংস খেয়ে তোপের মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

বাংলাদেশে এসে গরুর মাংসের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করায় ভারতীয়দের তীব্র সমালোচনার মুখে পড়েছেন কলকাতার প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কড়া সমালোচনা চলছে। কেউ কেউ তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন, আবার অনেকে অঙ্গহানির হুমকিও দিচ্ছেন। তাকে হিন্দু ধর্মের কলঙ্ক বলেও মন্তব্য করছেন একাংশ।

সম্প্রতি বাংলাদেশে এসে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশের ইলিশ ও গরুর মাংসের প্রশংসা করেন। তিনি জানান, এই দুই খাবারের স্বাদ তার বেশ পছন্দ। দুপুরে মাছ-ভাত খাওয়ার পাশাপাশি রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথাও জানান এই অভিনেতা। সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি তো আজকেই এসেছি। দুপুরে হোটেলে একটু মাছ-ভাত খেয়েছি। রাত্রিরে আমরা বিফ খেতে বেরোব। আর কালকের আমি আশা করছি ইলিশ মাছ পাব।"

সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশ তার কড়া সমালোচনা করেন। একজন ব্রাহ্মণ হয়ে তিনি কীভাবে গরুর মাংস খান, সেই প্রশ্ন তুলে অনেকে দাবি করেন, তার এমন মন্তব্য হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই সমালোচনার মধ্যেই বিশ্বজিৎ চক্রবর্তীর পক্ষে দাঁড়িয়েছেন অনেকেই। তারা বলছেন, একজন মানুষ কী খাবেন বা কী পরবেন, সেটি একান্তই তার ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়।

ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি বিশ্বজিৎ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। পুরো ঘটনাকে অনেকটা হেসেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?"

বাংলাদেশ সফর নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। তিনি জানান, এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং পরদিনই ফিরে যান। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথাও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মামলাটি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে আপাতত তিনি আর কিছু বলতে চাননি।

বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‍‍`শূন্য থেকে শুরু‍‍` সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর ‍‍`ভূতের ভবিষ্যৎ‍‍`, ‍‍`বাই বাই ব্যাংকক‍‍`, ‍‍`মিশর রহস্য‍‍`, ‍‍`জাতিস্মর‍‍` ও ‍‍`রাজকাহিনী‍‍`র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান।