বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
কৌশানীর নতুন রূপ

দুটো টাকার জন্য কত কী করতে হয় মাছওয়ালি রূপে ভাইরাল কৌশানী মুখার্জি

বিনোদন ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১০:৫৬ এএম

দুটো টাকার জন্য কত কী করতে হয় মাছওয়ালি রূপে ভাইরাল কৌশানী মুখার্জি

কৌশানী মুখার্জি এবার পুরোপুরি মেছুনির অবতারে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’—আর এই ছবির অভিনব প্রচারেই দেখা গেল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির সাড়া জাগানো ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও সেই পরিচিত ‘ঝিমলি’ চরিত্রে ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া একটি প্রচার ভিডিও ঘিরে এরই মধ্যে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

 ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, পরনে সাধারণ শাড়ি আর মুখে শ্যামলা মেকআপ। চেনা গ্ল্যামার সরিয়ে সম্পূর্ণ এক নতুন রূপে হাজির হয়েছেন এই তারকা। বটির কাছে বড় একটি মাছ নিয়ে কাটতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তিনি। ছবির জন্য এই মাছ কাটার অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না তার। চরম নাজেহাল হয়ে মজার ছলেই তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ 

ক্যামেরার নির্দেশ শোনার সঙ্গে সঙ্গেই বাজারের হকারদের মতো হাঁকডাক শুরু করেন কৌশানী। হাতে বড় একটি মাছ উঁচিয়ে ক্রেতাদের ডাকতে থাকেন, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’ শুটিং দ্রুত শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে তিনি আরও বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’