বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
প্রাথমিক শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৪:৩০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা একাডেমী ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরে খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং খাতওয়ারী বাজেট ও ব্যয় বিভাজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যগণ দেশের সকল শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির জোরালো সুপারিশ করেন। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সকল শূন্য পদ দ্রুত পূরণের জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে প্রাথমিক শিক্ষা স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান ফিডিং কার্যক্রমে সঠিক মান এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতেও বিশেষ তাগিদ দেওয়া হয়। ফিডিং কার্যক্রমে মান নিশ্চিত না হলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। বৈঠকে বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট যেন সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হয়, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া কমিটির পক্ষ থেকে সকল সদস্যকে প্রাথমিক বিদ্যালয় চালু থাকা অবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।