রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

পোশাক শ্রমিকদের মজুরি দ্রুত নির্ধারণে সহযোগিতার আশ্বাস মাহদী আমিনের

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০২:০৫ পিএম

পোশাক শ্রমিকদের মজুরি দ্রুত নির্ধারণে সহযোগিতার আশ্বাস মাহদী আমিনের

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২২ নভেম্বর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্সে তিনি এ কথা বলেন।

সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। যত দ্রুত সম্ভব তারা মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। শ্রমিকদের ভালো থাকাকে সরকারের লক্ষ্য হিসেবে তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে।

সাম্প্রতিক অস্থিতিশীলতা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তার ভাষ্য, কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় সৃষ্ট অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে সরকার চাইছে বলে জানান মাহদী আমিন। তিনি আরও বলেন, এ দেশ সবার এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।