মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
নিরাপদ খাদ্য উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর আইন করতে যাচ্ছে সরকার

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৩৫ পিএম

নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর আইন করতে যাচ্ছে সরকার

জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার দ্রুত কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পোল্ট্রি শিল্পের সংকট মোকাবিলা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার।

পাশাপাশি দেশের প্রতিটি পোলট্রি খামারকে পর্যায়ক্রমে নবায়নযোগ্য সৌরবিদ্যুতের সুবিধার আওতায় আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎপাদন খরচ কমার পাশাপাশি টেকসই বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

রফতানি বাণিজ্যের নতুন সম্ভাবনার তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি শুরু হয়েছে।

দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা মেটানোর পর বিশ্ববাজারে ডিমের রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সার্বিক পোল্ট্রি খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে।