রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারে নতুন নিয়ম আনছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৬:৩২ পিএম

ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারে নতুন নিয়ম আনছে মেটা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারে আরও কড়াকড়ি আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন অ্যাপ দুটিতে ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হবে এবং অপরিচিতদের সঙ্গে যোগাযোগ, নোটিফিকেশন, কনটেন্ট দেখার ধরন ও বয়স যাচাইয়ে বাড়তি নিয়ন্ত্রণ আনা হবে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত সমঝোতার অংশ হিসেবে মেটা এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করছে।

অল্পবয়সীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য আসক্তি ও ক্ষতিকর প্রভাব রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন ফিচারগুলোর বেশিরভাগ চালু করা হবে, তবে বয়স যাচাইসংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নিয়মে কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সময়সীমা ডিফল্টভাবে দুই ঘণ্টা রাখা হবে। 

পাশাপাশি রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এবং স্কুল চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে ১৫ মিনিট, ৬০ মিনিট ও ৯০ মিনিটে সতর্কবার্তা দেওয়া হবে। অটোপ্লে বন্ধ করার সুবিধা, অ্যালগরিদম-নির্ভর ফিড নিষ্ক্রিয়করণ এবং পোস্টের লাইক সংখ্যা লুকিয়ে রাখার ব্যবস্থাও রাখা হচ্ছে।

অপরিচিত প্রাপ্তবয়স্কদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে কিশোরদের সুরক্ষায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্ট কার্যক্রম, সার্চ হিস্ট্রি এবং নতুন যোগাযোগের বিষয়ে রিয়েল-টাইম সতর্কবার্তা পাবেন। ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট সরাতে বয়স যাচাইয়ের প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়াচ্ছে মেটা।