সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ইউটিউব দেখে পেঁপে চাষ করে বাগেরহাটে মাসে লাখ টাকা আয় ওমর ফারুকের

কৃষি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:১৯ এএম

ইউটিউব দেখে পেঁপে চাষ করে বাগেরহাটে মাসে লাখ টাকা আয় ওমর ফারুকের

বাগেরহাটে পেঁপে চাষ করে সফল হয়েছেন মো. ওমর ফারুক।

ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে এই খামার শুরু করেন বাগেরহাটের মোমর ফারুক। প্রথম দিকে হাইব্রিড জাত চাষ করে লোকসানের মুখে পড়লেও হাল ছাড়েননি এই কৃষি উদ্যোক্তা। সঠিক জাত নির্বাচন ও নিবিড় পরিচর্যার মাধ্যমে তিনি এখন মাসে গড়ে এক লাখ টাকার পেঁপে বিক্রি করছেন।

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর ইউনিয়নের আট বিঘা মাছের ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ লাগিয়েছেন তিনি। তার গড়া বিসমিল্লাহ এগ্রো ফার্মে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা রাজশাহী ও গ্রিন শাহী জাতের পেঁপে চাষ করা হয়েছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আট কেজি ওজনের পেঁপে ধরেছে এবং কিছু পেঁপের ওজন ১০ কেজি পর্যন্ত হয়েছে।

চলতি মৌসুমে এরই মধ্যে প্রায় চার লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন তিনি যার পরিমাণ প্রায় ৩৮০ মণ। এর মধ্যে ২০০ মণ কাঁচা ও ১৮০ মণ পাকা পেঁপে রয়েছে যা বর্তমানে কাঁচা প্রতি কেজি ১৫ টাকা এবং পাকা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারেরা এখন খামার থেকেই পেঁপে কিনে নিয়ে যান বলে জানান তার ছেলে শেখ নিশাদ হোসেন।

শুধু ফল উৎপাদন নয়, খামারে নার্সারি গড়ে তুলে প্রায় ৫০ হাজার চারা উৎপাদন করেছেন এই উদ্যোক্তা। এর মধ্যে ২৫ টাকা দরে ২০ হাজার চারা বিক্রি করা হয়েছে। তার খামার দেখতে এবং চারা সংগ্রহ করতে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকেরা আসছেন।

দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ওমর ফারুক বলেন, তিন মাস ধরে পেঁপে বিক্রি করছি এবং গাছগুলো থেকে আরও দীর্ঘ সময় ফল পাওয়া যাবে। সব মিলিয়ে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছি। সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করতে পারলে বেকার যুবকেরাও স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন তিনি।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাছের ঘেরের অব্যবহৃত পাড়ে উন্নত জাতের পেঁপে চাষ করে কৃষকেরা বাড়তি আয় করতে পারেন। কচুয়া ও মোল্লাহাটের হর্টিকালচার সেন্টার থেকে উন্নত জাতের পেঁপের চারা সংগ্রহের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।