নভেম্বর ২১, ২০২৬, ০৬:৪৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৩৫ শিক্ষার্থীকে সর্বোচ্চ রক্তদানের জন্য সম্মাননা স্মারক দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, আর একই সঙ্গে সংগঠনটির রোকেয়া হল ইউনিট হলের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
রক্তদানকে মহৎ কাজ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে এবং রক্তদানের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং ও পারস্পরিক সহমর্মিতাও বৃদ্ধি পায়। মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বাঁধন রোকেয়া হল ইউনিটের সভাপতি আবিদা আফরিন রিচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং বাঁধন রোকেয়া হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক ফরিদা ইয়াসমিন বন্যা।
এছাড়া বক্তব্য দেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শিশির মল্লিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মো. মোনতাসির আল মুয়িদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধন রোকেয়া হল ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার ও আহ্বায়ক আফসানা মিমি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন