শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব

সেন্টমার্টিনে আটকে পড়া এক হাজার ৩০০ পর্যটক ট্রলারে টেকনাফে ফিরলেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৬:১৯ পিএম

সেন্টমার্টিনে আটকে পড়া এক হাজার ৩০০ পর্যটক ট্রলারে টেকনাফে ফিরলেন

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে এক হাজার ৩০০ জন শনিবার ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় টানা তিন দিন ধরে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

শনিবার ২১ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২০টি ট্রলারে করে তারা সেন্টমার্টিন দ্বীপ ছাড়েন। ফিরতে যাওয়া যাত্রীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীও রয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে প্রশাসন ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। শুক্রবারও কোনো জাহাজ চলেনি, আর শনিবারও নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকে। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে গিয়ে প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় অনেক পর্যটক দ্বীপে আটকে পড়ায় কারও কারও আর্থিক সংকট তৈরি হয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে সকাল থেকেই ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া শুরু হয়।

দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষায় ছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি জানান, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে গিয়েছিলেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়ার পর সঙ্গে আনা টাকাও ফুরিয়ে যায়। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চেয়েছিলেন তারা।

সেন্টমার্টিন হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদি বলেন, জরুরি প্রয়োজনের কারণে শনিবার সকাল থেকেই আটকে পড়া পর্যটকদের অনেকে ট্রলারে টেকনাফের উদ্দেশে রওনা হন। সে অনুযায়ী ২০টি ট্রলার দ্বীপ ছেড়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, যারা ফিরতে ইচ্ছুক, তারা সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে যাচ্ছেন। অন্যদিকে যারা দ্বীপে থাকতে চাইছেন, তারা সেখানেই অবস্থান করছেন। কক্সবাজার থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হলে বাকি পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুলী বলেন, বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা পর্যটকেরা সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে যারা রয়ে গেছেন, তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে রোববার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে। আবহাওয়া অনুকূলে না থাকায় এখন পর্যন্ত জাহাজ চালু করা যায়নি। তবে ১৯, ২০ ও ২১ নভেম্বর টিকিট কাটা পর্যটকেরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একই টিকিটে ভ্রমণের সুযোগ পাবেন, আর নির্ধারিত সময়ে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।