নভেম্বর ২১, ২০২৬, ০৫:৫৭ পিএম
মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।
এর আগে নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী, যেখানে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ইয়াসের খান চৌধুরী।
ওই সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বাজারে বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন