বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
গ্রামীণ নিরাপত্তা জোরদার

চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

জাহিদ হাসান

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

দিনাজপুরের বীরগঞ্জ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রাম পুলিশ সদস্যদের নিয়মিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এই প্যারেড পরিদর্শনকালে তিনি গ্রামীণ জনপদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধের বিস্তার রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

থানা চত্বরে আয়োজিত এই প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। পরিদর্শনকালে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান সরকার, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপপরিদর্শক একরামুল হকসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেড পর্যবেক্ষণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার চৌকিদার ও দফাদারদের উদ্দেশ্যে দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আপনারা আমাদের সর্বোচ্চ হেল্পলাইন। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে আপনাদের সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ রয়েছে। তাই নিজ নিজ এলাকায় কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী অবস্থান করলে তাদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে। মাদকের বিস্তারের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

তৃণমূল পর্যায়ে পুলিশ ও গ্রাম পুলিশের নিবিড় সমন্বয়ের তাগিদ দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে গ্রাম পর্যায়ে সংঘটিত মাদক কারবার, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আগাম তথ্য দ্রুত পুলিশকে জানালে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ অনেক সহজ হয়। গ্রাম পুলিশ সদস্যদের পুলিশের চোখ ও কান হিসেবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি সার্বিক কাজে বীরগঞ্জ থানা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলার পরামর্শ দেন। গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে চৌকিদার এবং দফাদারদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

প্যারেডে অংশ নেওয়া গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের শনাক্তকরণে থানা পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।