শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
সাংগঠনিক শৃঙ্খলা ব্যবস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৬:৩৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়তার অভিযোগে ১২ জন এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃত নেতারা হলেন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, এবং কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।