আগস্ট ৩১, ২০২৬, ০৭:৪৩ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণ দাবিতে অনশনে বসেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে সকাল থেকেই একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্য দপ্তরের সামনে অনশন কর্মসূচি।
এর আগে রোববার রাতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অনশনে বসার ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বিভাগে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ ও তীব্র সেশনজটের কারণে তাদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা আরও জানান, ২০১৭ সালে বিভাগটির যাত্রা শুরু হলেও দীর্ঘ সময়ে মাত্র দুটি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থী মো. নাজমুল হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় প্রায় ১৩০ জন শিক্ষার্থী অনশনে অংশ নিয়েছেন এবং চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ২০১৭ সালে বিভাগটি চালুর পর থেকেই হাফিজ আশরাফুল হক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন