নভেম্বর ১১, ২০২৬, ০১:০১ এএম
প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পিক্সেল ট্যাগ বাজারে এনেছে। অ্যাপলের এয়ারট্যাগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসা এই ছোট ব্লুটুথ ট্র্যাকারটি চাবি, ব্যাগ, ওয়ালেটসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ট্র্যাক করতে সাহায্য করবে। ফাইন্ড হাব প্রযুক্তির মাধ্যমে এটি ব্লুটুথ সীমার বাইরেও ট্র্যাক করতে সক্ষম। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডলার এবং চারটির একটি প্যাক মিলবে ১০০ ডলারে।
ডিজাইনের দিক থেকে অ্যাপলের গোল আকৃতির ট্র্যাকারের চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছে গুগল। পিক্সেল ট্যাগটি কিছুটা দীর্ঘ এবং লম্বা আকৃতির। এর মাপ ১.৮ ইঞ্চি উঁচুতে এবং পুরুত্ব ০.২ ইঞ্চি। ডিভাইসটির ওজন ব্যাটারিসহ মাত্র শূন্য দশমিক চার আউন্স। এর স্লিম ডিজাইনের কারণে এটি চাবির রিং বা ব্যাগের ভেতরে সহজে ব্যবহার করা যায়। এছাড়া ডিভাইসটিতে আইপি৬৭ রেটিং রয়েছে, যা এক মিটার পানিতে ত্রিশ মিনিট পর্যন্ত সুরক্ষা দিতে পারে।
পিক্সেল ট্যাগে সিআর২০৩০ কয়েন আকৃতির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা প্রায় এক বছর পর্যন্ত টিকবে। অ্যাপলের ট্র্যাকারের বিপরীতে এতে একটি ফিজিক্যাল বাটন বা শারীরিক বোতাম রাখা হয়েছে। ফাইন্ড হাব অ্যাপের মাধ্যমে শব্দ করে ডিভাইসটি খুঁজে পাওয়ার সময় বোতাম একবার চাপলে আওয়াজ বন্ধ হয়ে যায়। আবার ফোন হারিয়ে গেলে ট্যাগটির বোতাম দুবার চাপলে ফোনের রিং বাজবে, যা প্রায় ৮০ ডেসিবেল পর্যন্ত উচ্চ শব্দ করতে পারে।
নির্ভুলভাবে অবস্থান নির্ণয়ের জন্য ডিভাইসটিতে ব্লুটুথ ৬.০ এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড বা ইউডব্লিউবি চিপ ব্যবহার করা হয়েছে। ফাইন্ড হাব অ্যাপের মাধ্যমে ক্যামেরা ও ইউডব্লিউবি চিপ ব্যবহার করে ফুট বা ইঞ্চিতে আনুমানিক দূরত্ব দেখা যায়। ব্যবহারকারী কাছাকাছি গেলে ট্র্যাকিংয়ের বৃত্তটি পূর্ণ হয়ে একটি দিক নির্দেশক তীরে রূপ নেয়। তবে পিক্সেল ট্যাগে কোনো এনএফসি সুবিধা রাখা হয়নি।
কাছাকাছি না থাকা হারিয়ে যাওয়া আইটেমগুলোর ক্ষেত্রে ডিভাইসটি বিশ্বের এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্রাউডসোর্সড নেটওয়ার্কের ওপর নির্ভর করে। অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস আশপাশে থাকলে হারিয়ে যাওয়া আইটেমের অবস্থান নিরাপদে গুগলের সার্ভারে এবং মালিকের ফাইন্ড হাব অ্যাপের ম্যাপে ফুটিয়ে তোলে। পিক্সেল ৮ প্রো, পিক্সেল ৮ ফোল্ড এবং এর পরবর্তী সংস্করণের ফোনগুলোতে এই ট্র্যাকারটির পূর্ণ সুবিধা পাওয়া যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন