অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৮ পিএম
দিনাজপুরের গুরুত্বপূর্ণ মোহনপুর সেতুর জরুরি মেরামতকাজের জন্য সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে যেকোনো ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুটির চলমান সংস্কারকাজের প্রথম অংশের কাজ নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই উন্নয়নমূলক কাজের স্বার্থে পরিবহন চালক, যাত্রী ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। সেতু বন্ধ থাকাকালীন যাত্রী ও পণ্য পরিবহনের ভোগান্তি কমাতে প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে।
ঢাকাগামী যানবাহনের ক্ষেত্রে তিনটি বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। প্রথম বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে দিনাজপুরের মহারাজার মোড় থেকে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ সড়ক। দ্বিতীয় বিকল্প হিসেবে দিনাজপুর থেকে দশমাইল, সৈয়দপুর ও রংপুর হয়ে ঢাকার সড়ক ব্যবহার করা যাবে। তৃতীয় বিকল্প পথটি হলো মহারাজার মোড় থেকে চিরিরবন্দর, আমতলী বাজার, ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ সড়ক।
একইভাবে দিনাজপুরগামী যানবাহনের চলাচলেও তিনটি পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে প্রথম পথটি হলো গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর ও চিরিরবন্দর হয়ে দিনাজপুরের মহারাজার মোড়। দ্বিতীয় রুট হিসেবে ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর ও দশমাইল হয়ে দিনাজপুরে প্রবেশ করা যাবে।
এ ছাড়া তৃতীয় বিকল্প হিসেবে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, আমতলী বাজার ও চিরিরবন্দর হয়ে মহারাজার মোড় সড়ক দিয়ে দিনাজপুরে পৌঁছানো যাবে। মেরামতকাজ শেষ হওয়ার পরপরই সেতুটি দিয়ে আগের মতো যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন