অক্টোবর ২৪, ২০২৬, ১০:১৪ এএম
দেশের বাজারে সবশেষ সমন্বয়ে কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং শনিবারও একই দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম পড়বে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে বৃহস্পতিবার এই মানদণ্ডের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
অন্যান্য মানের স্বর্ণের দামও সমানুপাতে কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা। এর বাইরে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা তিন হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩৯১ টাকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন