অক্টোবর ২৪, ২০২৬, ১০:৩৪ এএম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-দুই ধাপের ফিজিক্স টেস্টসহ যাবতীয় প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত সবুজ সংকেত মিললেই বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে প্রথম ইউনিটটি সি পর্যায়ে প্রবেশ করবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, প্রথম ইউনিটের বি-দুই ধাপের ফিজিক্স টেস্ট সফলভাবে শেষ হয়েছে। পরীক্ষার যাবতীয় ফলাফল ও তথ্য-উপাত্ত বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। সম্প্রতি রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়ের অগ্রগতি বিস্তারিতভাবে অবহিত করেছে।
জাহেদুল হাসান জানান, নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়ামাত্রই কেন্দ্রটি সি স্টেজে পৌঁছাবে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে।
তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি সূচকের অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করে ধীরে ধীরে এর মাত্রা বৃদ্ধি করা হবে।
প্রকল্পের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে অর্থাৎ ২৫ অক্টোবর রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পুরো সময়সূচি নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করা হচ্ছে। প্রতিটি ধাপের নিরাপত্তা ও কারিগরি মানদণ্ড শতভাগ সফলভাবে পেরোনোর ওপর ভিত্তি করে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন