অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৪৯ পিএম
চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনেই দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার বিবেচনা করলে বাংলাদেশি মুদ্রায় এই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ২৮৫ কোটি টাকারও বেশি। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের প্রথম দিন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ধারাবাহিকভাবে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবেশ করেছে।
এর মধ্যে ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মাত্র ছয় দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৯ কোটি ৪০ লাখ ডলার।
গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, গত বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। ফলে চলতি বছর একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে সুস্পষ্ট ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
এর আগের অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ফলে বছর ব্যবধানে সার্বিক প্রবাসী আয়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন