বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সার আমদানি

মরক্কো থেকে ৪২৮ কোটি টাকার ডিএপি সার আমদানির অনুমোদন দিল সরকার

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৬:২০ পিএম

মরক্কো থেকে ৪২৮ কোটি টাকার ডিএপি সার আমদানির অনুমোদন দিল সরকার

মরক্কো থেকে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ঐচ্ছিক পঞ্চম লটে এই সার আমদানি করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই সার আমদানি করবে। এর ব্যয় কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে। সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ডিএপি সার আমদানি করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় গত ২৫ জুন নতুন করে চুক্তি নবায়ন করা হয়।

নবায়ন করা চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে ঐচ্ছিক পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬৬ মার্কিন ডলার। সব মিলিয়ে সারের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।

চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সার আমদানির সুযোগ রয়েছে। ফলে নির্ধারিত ৪০ হাজার মেট্রিক টনের সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরিমাণও আমদানি করা যেতে পারে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এর মধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে। সরকারের কৃষি ভর্তুকি কর্মসূচির আওতায় কৃষকদের জন্য সার সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে সরকারি পর্যায়ে এই সার আমদানি অব্যাহত রয়েছে।