মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

হঠাৎ ছাপাখানা পরিদর্শন করে বইয়ের মান যাচাই করলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৯:০৯ পিএম

হঠাৎ ছাপাখানা পরিদর্শন করে বইয়ের মান যাচাই করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স পরিদর্শন করেছেন। নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করার জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী এই ছাপাখানা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন।

শিক্ষার্থীরা যাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই হাতে পায়, সে জন্য ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর কঠোর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বই ছাপার ক্ষেত্রে গুণগত মান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।