অক্টোবর ৬, ২০২৬, ০৯:১১ পিএম
সাড়ে ছয় বছর পর একসঙ্গে তিন শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক সর্বোচ্চ ফল অর্জনকারী মেধাবীরা এই তালিকায় স্থান পেয়েছেন। সোমবার ইউজিসির জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত তালিকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী পদকের জন্য মনোনীত হয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিন সেশনের ৪৬৯ শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছেন। কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তালিকায় ১৭৮ জন, ২০২০ সালের তালিকায় ১৪১ জন এবং ২০২১ সালের তালিকায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি করে পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন শিক্ষাবর্ষের পদক প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। প্রস্তুতকৃত খসড়া তালিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ শিক্ষার্থীর এই তালিকাটি কমিশনের দাপ্তরিক ওয়েবসাইটে সম্মাননা সেবাবক্সের লিঙ্কে উন্মুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত ইউজিসির কার্যালয়ে অথবা নির্ধারিত ইমেইলে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো অভিযোগ বা দাবি গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়। স্নাতক স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মেধাবীদের মূল্যায়নে এই আয়োজন পরিচালিত হয়ে আসছে। প্রথমে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি চালু থাকলেও ২০১৮ সালে নীতিমালা সংশোধন করে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এর অন্তর্ভুক্ত করা হয়। সেই সংশোধিত নীতিমালার আলোকেই এবার সরকারি ও বেসরকারি উভয় ধারার মেধাবীরা স্বীকৃতি পাচ্ছেন। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন